খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি। তিনি সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী বাহিনী।
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, অভিযানে জনির কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে। তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে এসআরবি।









