"দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে রেববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া উপজেলা আর্ণ প্রকল্পের ম্যানেজার জগদীশ মন্ডল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল হক আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থীগণ ও যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে দক্ষ দুই জন যুবকের মধ্যে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তরা হলেন উপজেলার শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা ও উপজেলার কোলা গ্রামের মো. নাহিদ শেখ।
এছাড়া যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থীগণ ও যুব সংগঠকদের মধ্যে ১০০ টি গাছের চারা বিতরণ করা হয়। এগুলো তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানসহ অন্যান্য অতিথিরা।









