খুলনায় চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২, রোড নম্বর ৮/৭৭ এলাকায় অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন রায়েরমহল পশ্চিমপাড়ার শেখ ইদ্রিস আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১ নভেম্বর সন্ধ্যায় রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ অবস্থানকালে পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ অন্য আসামিরা ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৬।









