নড়াইলের লোহাগড়ায় পারিবারিক বিরোধের জেরে আফছার শেখ (৬৫) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) , তার স্ত্রী জুঁই বেগম (২০) ও মা আনোয়ারা বেগমকে (৫২) আসামি করে নিহতের বড় ছেলে গত শনিবার রাতে থানায় একটি হত্যা মামলার দায়ের করেছেন।
মামলা দায়েরের পর সোমবার ( ৯ নভেম্বর) দুপুরে পুলিশ অভিযুক্ত খায়রুলের স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে। তবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত খায়রুল শেখ এখনও পলাতক রয়েছে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের
বয়রা গ্রামে নিজ বাড়িতে আফছার শেখের ওপর হামলার ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে খায়রুল শেখ ধারালো বটি দিয়ে তার পিতাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়।
এ সময় আফছার শেখের চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের অন্যান্য লোকজন ও এলাকাবাসী ছুটে আসেন। আহত আফসারকে হাসপাতালে আনার প্রস্তুতিকালে ঘটনাস্থলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত খায়রুলের স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. শামিম শেখ বাদী হয়ে গত শনিবার রাতে (৭ নভেম্বর) লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় খায়রুল শেখ, তার স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে আসামি করা হয়েছে। মামলা নং- ৬,তারিখ -৭/১১/২৬।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে এবং প্রধান আসামি খায়রুল
এখনও পলাতক রয়েছে। তাকে আটক করার জোর চেষ্টা চলছে।









