যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় জুয়েল বিশ্বাস (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
যশোর সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।আটক জুয়েল বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কুরিন্দিয়া বিশ্বাসপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইয়াবার একটি চালান যশোরে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।
পরে সন্দেহভাজন প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ জুয়েল বিশ্বাসকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, আটক জুয়েলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক কারবারী। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









