অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট || বাগেরহাটের মোল্লাহাটে পান বরজের পাশ থেকে মুসলিমা খাতুন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা খাতুন কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মুসলিমা ও অপর এক শিশু পাশের বাড়ির একটি পান বরজের পাশে খেলছিল, হঠাৎ সন্ধ্যার পর মুসলিমাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে পানের বরজের পাশে বস্তার মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী জাহাঙ্গীর নামে সন্দেহভাজন এক ব্যক্তির বসতবাড়ি ও পানের বরজে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাক্কাধাক্কি ও হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জানান, শিশুটিকে কী কারণে এবং কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির বসতবাড়ি ও পানের বরজে আগুন দিয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ বিষয়ে তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

