খুলনার খালিশপুরে বিদ্যুৎ চুরির অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১১ অক্টোবর দুপুরে পাওয়ার হাউস গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্তরা হলেন মো. সুজন, আব্দুল মতিন বাচ্চু ও জাহিদুল ইসলাম। অভিযানকালে তাঁদের দোকান ও বাসায় ব্যবহৃত বিদ্যুতের তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো খুলে জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তদের একজনের দোকানে প্রায় এক বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ রয়েছে। অন্য দুজনের বাসায় প্রায় তিন বছর ধরে বিল পরিশোধ না করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন জানান, বিদ্যুৎ চুরি প্রতিরোধে প্রতি মাসে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।