দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আগের দামের তুলনায় ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। স্বর্ণের এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। তখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।









