সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা আজ রোববার। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত এ পূজাকে ঘিরে দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি ঘরে ঘরে চলছে নানা আয়োজন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবী ধন-সম্পদ, সৌভাগ্য, সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক। সংসারে সুখ-শান্তি ও প্রাচুর্য কামনায় ভক্তরা এদিন দেবীর আরাধনা করেন। পূজা উপলক্ষে অনেক হিন্দু নারী উপবাস ও ব্রত পালন করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।
লক্ষ্মীপূজায় ধানের শীষ, কাঁচা সুপারি, কলাপাতা, মঙ্গলঘটসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। ঘরের প্রবেশপথ ও আঙিনায় চালের গুঁড়ো দিয়ে আঁকা হয় আলপনা। কোথাও কোথাও আঁকা হয় দেবী লক্ষ্মীর পায়ের ছাপ, যা শুভ আগমন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।
কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছো’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে এসে ভক্তদের পূজা গ্রহণ করেন। তাই এ পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা বলা হয়। ভক্তদের বিশ্বাস, দেবীর কৃপায় সংসারে অভাব-অনটন দূর হয় এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
পঞ্জিকা অনুযায়ী, আজ বেলা ১১টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে আগামীকাল সোমবার সকাল ৯টা ৪১ মিনিটে শেষ হবে। পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে লক্ষ্মীপূজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।









