স্থায়িত্ব,আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘স্পার্ক ৫০সি’ এনেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ফোনটিতে রয়েছে উন্নত সুরক্ষাব্যবস্থা, পানির নিচে ছবি তোলার সুবিধা এবং দৈনন্দিন কাজ সহজ করার জন্য বিভিন্ন এআই ফিচার।
নতুন এই স্মার্টফোনে রয়েছে ১.৭ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কা সামলানোর সক্ষমতা এবং বিশেষ ওয়াটারপ্রুফ রেটিং। পাশাপাশি পানির নিচে ছবি তোলার জন্য যুক্ত করা হয়েছে ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফি’ সুবিধা।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। উন্নত শব্দের অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রয়েছে ডুয়াল স্পিকার। এ ছাড়া দুর্বল নেটওয়ার্ক এলাকায় যোগাযোগের সুবিধা বাড়াতে রাখা হয়েছে বিশেষ সিগন্যাল বর্ধক প্রযুক্তি।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে কথা বলার সময় আশপাশের শব্দ কমানো, ভাষা অনুবাদ এবং লেখালেখিতে সহায়তার মতো বিভিন্ন এআই সুবিধা যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৫০সি পাওয়া যাচ্ছে ৪ জিবি র্যামের দুটি সংস্করণে। সফটওয়্যারনির্ভর মেমোরি সম্প্রসারণের মাধ্যমে র্যাম সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে।
ফোনটির ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ইতোমধ্যে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে।









