খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ৩০ জন কর্মচারীকে অব্যাহতির নির্দেশ দেওয়ায় হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টানা ১৫ মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মচারী। অন্যদিকে, পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালের ওয়ার্ডের মেঝে, বাথরুম ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ৩০ জন কর্মচারীকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মীরা রয়েছেন। দীর্ঘ ১৫ মাস বেতন না পেলেও তারা হাসপাতালের সেবা কার্যক্রম সচল রাখতে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভুক্তভোগী কর্মচারীরা জানান, দীর্ঘদিন বেতন না পাওয়ায় ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বকেয়া বেতন পরিশোধ না করে চাকরি থেকে অব্যাহতির নির্দেশ দেওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও চাকরিতে বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, কর্মচারী সংকটের কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ফ্লোর ও বাথরুম নিয়মিত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম জানান, ৩০ জন আউটসোর্সিং কর্মচারীকে অব্যাহতির পর থেকে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। জনবল সংকটে ফ্লোর ও বাথরুম নিয়মিত পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, দ্রুত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ, চাকরির বিষয়ে মানবিক সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। এ বিষয়ে খুলনার সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।