বাগেরহাটের মোল্লাহাট থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. শাহ আলমকে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় গলাচিপা থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৭ সেপ্টেম্বর মোল্লাহাট থানায় মো. শাহ আলমকে একমাত্র আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার বাদী মো. জাহিদুল ইসলামের অভিযোগ অনুযায়ী, আসামি প্রথমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে খুন ও জখমের হুমকি দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর বিকেলে বাদী মোটরসাইকেলে মোল্লাহাট বাজারে যাওয়ার সময় আসামি তার গতি রোধ করেন এবং দলিল প্রতি ১,০০০ টাকা হারে চাঁদা ও পূর্বে দাবি করা ৫০, হাজার টাকা চাঁদা না দিলে তাকে শারীরিকভাবে হেয় প্রতিপন্ন করা, পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করা এবং মারপিট ও খুন করার হুমকি দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদী মোল্লাহাট থানায় হাজির হয়ে পেনাল কোডের ১৮৬০ সালের ৩৪১, ৩৮৫ ও ৩৮৭ ধারায় চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অপরাধে উক্ত মামলাটি দায়ের করেন।

এছাড়াও আসামির বিরুদ্ধে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে মোল্লাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নামে অভিযোগ দিয়ে তাদের হেনস্থা করা সহ চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ আলম আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি এড়াতে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পটুয়াখালীর গলাচিপা থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। এরপর সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর গলাচিপা থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করে শাহ আলমকে আটক করা হয়েছে। আটক শাহ আলমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।