বাগেরহাটের মোল্লাহাটে অবৈধ জুয়ার আসরে পুলিশের অভিযান ও তা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিক আব্দুল্লাহ ফারুকের ওপর হামলার অভিযোগ উঠেছে একদল জুয়াড়ির বিরুদ্ধে। এ সময় তাঁকে মারধর এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগী। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক আব্দুল্লাহ ফারুক মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, মোল্লাহাট উপজেলার গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি সংঘবদ্ধ চক্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনা করে আসছিল।
শুক্রবার রাতে সেখানে জুয়ার আসর বসলে পুলিশ অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। এই অভিযানের পেছনে সাংবাদিক আব্দুল্লাহ ফারুকের হাত রয়েছে এবং তিনিই পুলিশকে তথ্য দিয়েছেন—এমন সন্দেহ থেকেই তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে ওই চক্রের সদস্যরা।
আব্দুল্লাহ ফারুক জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জুয়াড়ি চক্রের সদস্য ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাঁকে তাদের গাড়িতে করে থানায় নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বলেন, “জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযানের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।
সম্পূর্ণ ভিত্তিহীন সন্দেহের বশে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বাদী হয়ে তাতীঁলীগ নেতা হিসেবে উল্লেখিত ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে সাংবাদিক আব্দুল্লাহ ফারুকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি জিন্নুরাইন, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।









