বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মোটরসাইকেলে এসে পিকআপের গতিরোধ করে আগুন ধরিয়ে দেওয়ার পর বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন যুবক গাড়িটির গতিরোধ করে।
একপর্যায়ে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
পিকআপের চালকের অভিযোগ,মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় যুবকেরা গাড়ির কাছে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিতে থাকে। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিকতলা এলাকায় কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পাশাপাশি আগুন দেওয়ার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।









