সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন অনেকে। তবে, ফোন থেকে মূল ছবি বা ভিডিও মুছে গেলে কিংবা পুরোনো পোস্ট সংরক্ষণের প্রয়োজন হলে অনেকেই বিপাকে পড়েন। এ সমস্যা সমাধানে ইনস্টাগ্রামেই রয়েছে নিজের পোস্ট করা ছবি, ভিডিও ও স্টোরি ডাউনলোডের সুবিধা। এর জন্য আলাদা কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
অ্যান্ড্রয়েড ও আইফোন- উভয় স্মার্টফোনেই ইনস্টাগ্রামের এই সুবিধা ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নিজের পোস্ট করা ছবি, ভিডিও ও স্টোরি ফোনে সংরক্ষণ করবেন।
ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকা নির্দিষ্ট কোনো ছবি বা ভিডিও ফোনে রাখতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে প্রবেশ করুন। এরপর যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান, সেটি খুলুন। পোস্টের নিচে থাকা শেয়ার আইকনে ট্যাপ করে ‘ডাউনলোড’ অপশন নির্বাচন করুন। ডাউনলোড সম্পন্ন হলে ছবি বা ভিডিওটি ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে।
এভাবে প্রতিটি পোস্ট আলাদাভাবে ডাউনলোড করা যায়। তবে, চাইলে নতুন পোস্ট করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনে সংরক্ষণের ব্যবস্থাও চালু রাখতে পারেন।
প্রতিবার পোস্ট করার পর আলাদাভাবে ডাউনলোড করার ঝামেলা এড়াতে ইনস্টাগ্রামের সেটিংসে একটি অপশন চালু করতে হবে। প্রথমে নিজের প্রোফাইলে গিয়ে ওপরের ডান পাশে থাকা তিন দাগের মেনুতে ট্যাপ করুন। এরপর ‘ইওর অ্যাপ অ্যান্ড মিডিয়া’ বিভাগ থেকে ‘আর্কাইভিং অ্যান্ড ডাউনলোডিং’ অপশনে প্রবেশ করুন। সেখানে ‘সেভিংস টু ক্যামেরা রোল’ অপশনটি চালু করে দিন। এই সেটিং চালু থাকলে ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্যামেরা রোলে সংরক্ষিত হবে।
ইনস্টাগ্রামে প্রকাশ করা স্টোরিও সরাসরি ফোনে সংরক্ষণ করা যায়। এ জন্য অ্যাপ খুলে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করে নির্দিষ্ট স্টোরিটি চালু করুন। স্টোরি চলার সময় স্ক্রিনের নিচের বাঁ পাশে থাকা তিনটি ডট বা ‘মোর’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘সেভ’ নির্বাচন করলেই স্টোরির ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে জমা হবে।









