নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ কুয়েতফেরত মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ সময় মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় আহাদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুলদাইড় পশ্চিমপাড়ার আবদুর রশিদ শেখের ছেলে আহাদ শেখ (৩৮) এবং ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল আহাদ শেখের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়।
এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ও আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করা হয়।
একপর্যায়ে একটি কক্ষের কাঠের কেবিনেট এবং একজনের লুঙ্গির কোচরে লুকিয়ে রাখা পাঁচটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাঁচটি ব্যাগে ২০০ পিস করে মোট ১ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়।
যার আনুমানিক ওজন ১০০ গ্রাম। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে নড়াইলের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছেন।
তাদের দুজনেরই মাছের ঘের রয়েছে এবং তারা দীর্ঘদিন কুয়েতে প্রবাসী ছিলেন।
তবে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে।
উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।









