বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএমের নেতৃত্বে রামপাল থানার এসআই উত্তম কুমার, এসআই আমানউল্লাহ, এসআই রিপন দাস, এসআই আব্দুল আলিম, এএসআই কামাল হোসেন, এএসআই মাসুদ শেখ, এএসআই জসিম বিশ্বাস, এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই তরিকুল ইসলাম, এএসআই সেলিম রেজা ও এএসআই মোস্তফা কামালসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামপালের বর্নি গ্রামের ইউসুপ শেখের ছেলে শুকুর শেখ, চাঁদপুর গ্রামের মোঃ ইসমাইল শেখের ছেলে মোতালেব শেখ, ধলদাহ গ্রামের নিরাপদ কুন্ডু ওরফে নিমাই কুন্ডুর ছেলে নিত্যানন্দ কুন্ডু, সন্তোষপুর গ্রামের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে তরুণ কুমার ঘোষ, কাশিপুর গ্রামের মৃত দাউদ শেখের ছেলে শেখ সুজন, একই গ্রামের মৃত শেখ জেনার উদ্দিনের ছেলে শেখ হালিম ওরফে আলিম শেখ এবং সোনাকুড় গ্রামের মৃত শেখ আব্দুল আজিজের ছেলে শেখ শামীম হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাতজনই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।