গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে। 

এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।

অভিযান চলাকালে পাসপোর্ট করতে আসা একাধিক সেবাপ্রার্থী তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন।

তাঁদের অভিযোগ, পাসপোর্টের আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।

সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও করেন কয়েকজন গ্রাহক। এ ছাড়া অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

সেবাপ্রার্থীদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগও ওঠে।

এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও সামনে এসেছে।

অভিযান শেষে সাংবাদিকদের দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, পাসপোর্ট অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান অভিযোগের বিষয়ে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তার দাবি, এ অফিসে কোনো ধরনের অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই।

অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না।

তিনি আরও বলেন, অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদকের এ অভিযানকে ঘিরে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সেবাপ্রার্থীরা।