শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে খুলনায় দুই শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশুদের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে নগরীর খালিশপুরের ৮ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট জুট মিলস মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘মানবতার সেবাই ধর্ম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে শাড়ি, লুঙ্গি ও শিশুদের জন্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তাহেরা সুলতানা রত্নার সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ এম নাহিদ হোসেন।
উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, উৎসবের আগে নতুন পোশাক ও শিশুদের জন্য উপহারসামগ্রী পেয়ে তাঁরা আনন্দিত। আর্থিক অসচ্ছলতার কারণে অনেকের পক্ষেই পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনা সম্ভব হয় না। এমন উদ্যোগে তাঁদের উৎসবের আনন্দ আরও বেড়েছে। তাঁরা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।
এ সময় উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোসা. সিমা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই কালু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসেম আসমত এবং ৮ নম্বর ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক মোসা. জোসনা ও সদস্যসচিব মোসা. মাসুমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









