দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতির উন্নয়ন এবং শুষ্ক মৌসুমে পানিসংকট দূর করতে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশন জানায়, বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার এই প্রকল্পের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করা হবে। ব্যারাজে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।
এ ছাড়া খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের লবণাক্ততা কমানো, সুন্দরবনে মিঠাপানির প্রবাহ নিশ্চিত করা, নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং যশোরের ভবদহসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।









